উখিয়ায় জাল খতিয়ান নিয়ে জমি রেজিস্ট্রি করতে গিয়ে ধরা এক ব্যক্তি

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় জাল খতিয়ান ব্যবহার করে জমি রেজিস্ট্রি করার প্রক্রিয়ায় অংশ নিতে এসে ছৈয়দ নরু হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে হেফাজতে নেওয়ার পর ভূমি অফিসে নিয়ে গেলে কৌশলে তিনি লাপাত্তা হয়ে যান। এর আগে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের যাচাইয়ে খতিয়ানটি জাল প্রমাণিত হয়।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উখিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ব্যক্তি জমি রেজিস্ট্রির অনুমোদন নিতে গেলে খতিয়ানটি নিয়ে সন্দেহ হয় সাব-রেজিস্ট্রার মোর্শেদ আলমের। পরে খতিয়ানটি যাচাইয়ের জন্য উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ে খতিয়ানে স্বাক্ষরসহ বিভিন্ন তথ্য জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। হেফাজতে নেয়া ছৈয়দ নরু হোসেন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের হাজী হোসেন আলীর ছেলে। তিনি যে খতিয়ানটি নিয়ে জমি রেজিস্ট্রির প্রক্রিয়ায় অংশ নেন, সেটির নম্বর ২৮৬৬ এবং মৌজা রত্নাপালং। যাচাইয়ে খতিয়ানটির স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

তবে জিজ্ঞাসাবাদে ছৈয়দ নরু হোসেন দাবি করেন, কক্সবাজারের এক মুন্সি সাইদুর রহমানের মাধ্যমে খতিয়ানটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া সাব-রেজিস্ট্রার মোর্শেদ আলম বলেন, ‘জাল খতিয়ান দিয়ে জমি রেজিস্ট্রি করানোর চেষ্টা করা হচ্ছিল। খতিয়ানটি নিয়ে সন্দেহ হওয়ায় আমরা তা ভূমি অফিসে যাচাইয়ের জন্য পাঠাই। যাচাইয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাবেক সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে খতিয়ান তৈরি করে জমি রেজিস্ট্রি করানোর চেষ্টা করা হলে তাকে ভূমি অফিসে নিয়ে আসা হয়। পরে তিনি মোবাইল ফোনে কথা বলার কথা বলে ভূমি অফিসে থেকে বাইরে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। যাওয়ার সময় তার সঙ্গে থাকা ছেলেকে রেখে যান। আমরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top