আনোয়ারায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে চোর চক্রের হামলায় আহত ২ নিরাপত্তাকর্মী
আটক এক চোর

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে চুরি, লুটপাট এখন নিয়মিত ঘটনা। এবার গভীর রাতে সশস্ত্র চোর চক্র হানা দিলে নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে পালানোর সময় জহির নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক সূত্র জানা গেছে, রাত ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি পার্কের ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ দামি জিনিস চুরি করার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও জহির নামে একজনকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ধস্তাধস্তির সময় পার্কের দুই নিরাপত্তাকর্মী আলী জিন্নাহ (৪৬) ও উত্তম দত্ত (৫১) আহত হন।

আটক জহির আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। আহত নিরাপত্তাকর্মী আলী জিন্নাহ বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এবং উত্তম দত্ত আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকার বাসিন্দা।

আহত নিরাপত্তাকর্মী আলী জিন্নাহ বলেন, বিকেলে চেক দিতে গিয়ে তিনি পার্কের ড্রেনের পাশে পাঁচ-ছয়জনকে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখেন। তারা প্রথমে গাছের টুকরা দিয়ে তাকে মারধর করেন। পরে তাকে কুপিয়ে চলে যান। যাওয়ার সময় তারা দা, কিরিচ ও কাটারসহ কয়েকটি দেশীয় অস্ত্র ফেলে যান বলেও দাবি করেন তিনি।

সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইনচার্জ এস এম শাজেদুর রহমান বলেন, রাত আনুমানিক ৩টার দিকে নিরাপত্তাকর্মীরা কয়েকজনকে অবৈধভাবে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেখে ধাওয়া দেন। পাঁচ-ছয়জনের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও প্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, উপজেলার সদরে সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল এলাকাটি ফাঁকা থাকার সুযোগে স্থানীয় কয়েকটি চোর চক্র বিভিন্ন সময় দামি জিনিস চুরি করার লক্ষ্যে সশস্ত্র হানা দেয়। ইতিমধ্যে কোটি টাকার জিনিস চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top