উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ইমন সাইদী জুয়েল (১২) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার বিল এলাকা থেকে সে নিখোঁজ হয়।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তার পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ইমন সাইদী জুয়েল(১২) উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার বিল এলাকার আবদুল হাকিমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে বাড়িতে গোসল ও খাওয়াদাওয়া শেষে খেলাধুলা করার জন্য বের হয় ইমন সাইদী জুয়েল। এরপর সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কাছে খোঁজখবর নেওয়াসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ ইমন সাইদী জুয়েলের মা রুজিনা আকতার বলেন, সোমবার বাড়িতে গোসল করে খাওয়াদাওয়া শেষে খেলাধুলা করার জন্য বের হয়। সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কাছে খোঁজখবর নিয়েও কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আজ থানায় জিডি করেছি। আমার ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চাই।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীর পরিবার আজ থানায় জিডি করেছে। জিডির ভিত্তিতে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।’
চাটগাঁ নিউজ/জেএইচ






