চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের আকবর শাহ থানাধীন একেখান মোড়ের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুন নাঈম (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরের একেখান মোড়ের ‘হোটেল সিটি প্যালেস’র দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন নাঈম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব আলী, মায়ের নাম শাহনাজ আকতার এবং স্বামীর নাম মনসুর হেলাল।
পুলিশ সূত্র জানা গেছে, গত আড়াই বছর আগে জান্নাতুল নাঈম ও মনসুর হেলালের বিয়ে হয়েছে। নগরীতে তারা একটি ভাড়া বাসায় থাকতেন। সেই বাসাটি ছেড়ে দেওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে এই দম্পতি হোটেলে থাকছেন। জান্নাতুলের স্বামী নগরীর সল্ট ক্রসিং এলাকায় ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে জড়িত। দুপুরে খাবার নিয়ে রুমে ঢোকার পর স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তিনি। পরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জান্নাতুন নাঈম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পুলিশ লাশটি হাসপাতালে নিয়ে এসেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






