ক্রীড়া ডেস্ক: আবারও ব্যাট-বল হাতে মাঠে নামার অপেক্ষা রয়েছেন বাংলাদেশের সাবেক তারকারা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে খেলতে সংযুক্ত আরব আমিরাতের পথে বাংলাদেশ চ্যাম্পিয়নস।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেনসহ সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থেকে দূরে থাকলেও লেজেন্ডস লিগে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে পরিচিত মুখগুলোকে।
বাংলাদেশের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন খেলা একাধিক ক্রিকেটার। নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের ডব্লিউসিএল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারদের দল।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে। এরপর লিগ পর্বে একে একে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস।
নাসির-রুবেলদের সঙ্গে দলে রয়েছেন আবু জায়েদ রাহি, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, রনি তালুকদার, এনামুল হক জুনিয়রসহ আরও কয়েকজন সাবেক জাতীয় ক্রিকেটার। ফলে দীর্ঘদিন পর একসঙ্গে বেশ কয়েকজন পরিচিত মুখকে মাঠে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
লিগ পর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ১৬ অক্টোবর দুটি সেমিফাইনালের পর ১৮ অক্টোবর শারজাহতে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
বাংলাদেশের ম্যাচের সূচি:
৩ অক্টোবর: পাকিস্তান চ্যাম্পিয়নস-বাংলাদেশ চ্যাম্পিয়নস, শারজাহ
৫ অক্টোবর: বাংলাদেশ চ্যাম্পিয়নস-ইংল্যান্ড চ্যাম্পিয়নস, শারজাহ
৭ অক্টোবর: অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস-বাংলাদেশ চ্যাম্পিয়নস, শারজাহ
৯ অক্টোবর: বাংলাদেশ চ্যাম্পিয়নস-ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস, দুবাই
১১ অক্টোবর: ভারত চ্যাম্পিয়নস-বাংলাদেশ চ্যাম্পিয়নস, দুবাই
১৪ অক্টোবর: বাংলাদেশ চ্যাম্পিয়নস-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস, শারজাহ
চাটগাঁ নিউজ/এমকেএন






