চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম আদালতে একটি মামলার শুনানিকালে এজলাসের সামনে চাঁদাবাজি মামলার বাদী নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় জয়নাল আবেদীন সোহেল (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষের বাইরে নুরুল কবিরকে ছুরিকাঘাত করে আসামিপক্ষের কয়েকজন পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন নুরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় জয়নাল আবেদীন সোহেলসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জুবাইদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি জয়নাল আবেদীন সোহেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মো. জুবাইদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আগেও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছুরিকাঘাতে আহত নুরুল কবির পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকার বাসিন্দা ও কেব্ল অপারেটর ব্যবসায়ী। ২০২৪ ও ২০২৬ সালে নুরুল কবির ও তাঁর স্ত্রী রুনা আক্তার স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও মারধরের অভিযোগে পাঁচলাইশ থানায় পৃথক তিনটি মামলা করেন। এসব মামলা নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।
পুলিশ জানায়, ঘটনার দিন নুরুল কবির একটি মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিরোধিতা করতে আদালতে উপস্থিত হন। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর ছুরিকাঘাত করেন।
চাটগাঁ নিউজ/এসএ






