আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
বুধবার ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হওয়ার পর এটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে।
সদ্য প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে বিলটির নাম দেওয়া হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম নিজেই বিলটি উত্থাপন করেছিলেন। গত মাসে সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল।
বিলটির মূল লক্ষ্য রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হলেও এতে ইরানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বাড়ানোর বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ১৯৯৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্বাক্ষরিত ইরান নিষেধাজ্ঞা আইন আরও পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
১৯৯৬ সালের ওই আইনটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন বিল পাসের ফলে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল।
প্রতিনিধি পরিষদে বিলটি পাসের সময় বেশ কয়েকজন ডেমোক্র্যাট দলীয় অবস্থান থেকে সরে এসে এর পক্ষে ভোট দেন। তারা অধিকাংশ রিপাবলিকান সদস্যের সঙ্গে যোগ দেন। ফলে প্রয়োজনীয় সমর্থন পেয়ে বিলটি প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয় এবং এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
বিলটি আইনে পরিণত হলে ইরান ও রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কাঠামো আরও বিস্তৃত হবে এবং দেশ দুটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





