রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর আব্দুল মান্নান (৬২) হত্যা মামলার একমাত্র আসামি মোজাম্মেল পুলিশের দফায় দফায় অভিযানের মুখে আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মান্নানের জেঠাতো ভাই বাহাদুরের সঙ্গে স্থানীয় মো. ছুফির ছেলে মোজাম্মেলের বিয়ের দেনাপাওনা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে মোজাম্মেল প্রকাশ্যে বাহাদুরকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় মান্নান এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
এরপর মান্নান চা-নাশতা করে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ মুন্না বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মোজাম্মেলকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছিল। পুলিশের তৎপরতার মুখে অবশেষে মোজাম্মেল আদালতে আত্মসমর্পণ করেন।
এদিকে মামলার প্রধান আসামি আইনের আওতায় আসায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। শান্তিপূর্ণ বেতাগী এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিউল আলম, নিহতের পরিবার ও এলাকাবাসী।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





