চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭৪ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ১৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৩৭৪ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জনে।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





