আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বন্দর তালতল এলাকার একটি সামাজিক কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ প্রকাশ দেলোয়ার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উত্তর বন্দর তালতল এলাকার সামাজিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দিল মোহাম্মদ প্রকাশ দেলোয়ার কর্ণফুলী থানার ইছানগর এলাকার স্থানীয় বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ৩টার দিকে বাসা থেকে বের হন দিল মোহাম্মদ। এরপর তিনি আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, সকালে কবরস্থানে জিয়ারত করতে আসা এক যুবক প্রথমে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
নিহতের স্ত্রী শামীমা জানান, তিনি গত দুই বছর ধরে কেইপিজেডে চাকরি করছেন। চাকরির সুবাদে পাশের একটি কলোনিতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী নিয়মিত বাসায় থাকতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেন শামীমা।
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কেউ তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।’
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।’
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





