চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সাদিয়া ইসলাম (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের প্রায় দুই মাসের মধ্যেই তার এমন মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।
জানা গেছে, নিহত সাদিয়া ইসলাম হাটহাজারীর মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী রাউজানের গহিরা এলাকার বাসিন্দা আসিফ বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম নগরীতে চাকরি করেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সাদিয়ার এর আগে একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ ঘটে। পরে আসিফের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী হাটহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গেল ৩১ আগস্ট তারা ফটিকা এলাকার ওই বাসায় ওঠেন। সোমবার দুপুরে স্বামী ফোনে সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান। বাড়ির মালিক বাসায় গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে সাদিয়াকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের এক সদস্যরা জানান, মৃত্যুর কয়েকদিন আগে সাদিয়ার সাথে তার কথা হয়েছিল। সে সময় সাদিয়া কিছুটা কষ্টের কথা জানিয়েছিল। তাকে সান্ত্বনা দিয়ে পরিবারের পক্ষ থেকে শিগগিরই দেখা করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





