আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় মো. আইয়ুব আলী (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আইয়ুব আলী হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার হাফেজ ফারুক আহমদের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে আইয়ুব আলী দীর্ঘদিন ধরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।
থানা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলা সদরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়।
ওই মামলায় যুবলীগ নেতা মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আইয়ুব আলী নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





