দুই মাস পিছিয়ে ২০২৭ সালের যে মাসে শুরু হবে এসএসসি পরীক্ষা!

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল। তবে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষা মার্চে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান শুরু হতে পারে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি বিবেচনায় নিয়ে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর থেকে পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। চলতি বছর ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১শে এপ্রিল। এর আগে আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ।

প্রথমে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে অংশীজনদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন মহলের মতামতের পর সেই পরিকল্পনা থেকে সরে এসে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top