সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মো. আলাউদ্দীন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আলাউদ্দীন উপজেলার কুমিরা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

গত রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার্ডে একটি জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত আলাউদ্দীনের হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এ সময় তিনি গুরুতরভাবে আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরে নিয়ে যান।

সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার (২৩ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক সপ্তাহ আগে বারাকা নামের একটি পুরোনো জাহাজে কাজ করার সময় আলাউদ্দীন নামে এক শ্রমিক আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top