এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় পরীক্ষার্থীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকালে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় নাফিসাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশ দিয়ে সড়ক পার হচ্ছিলেন নাফিসা। এ সময় একটি ক্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

দুর্ঘটনার পর মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক ঘটনাস্থল থেকে নাফিসাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। নাফিসার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top