শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

চাটগাঁ নিউজ ডেস্ক: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেন তিনি।

জানা গেছে, আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে।

এই আয়োজনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানসহ প্রায় এক হাজার বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে দরবার হলে নির্ধারিত আসন গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন।

এর আগে গতকাল সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top