চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ।
আজ রোববার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র ‘পরীক্ষা’ করবেন। বাছাই শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দু’টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





