চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বিস্ফোরক অধিদপ্তর। শিল্প সচিব আব্দুন নাসের খান জানিয়েছেন, বিষাক্ত এই গ্যাসের কারণেই ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প সচিব।
তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং কারও দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের কমিটি, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৯ সদস্যের কমিটি এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের (বিএসবিআর) পক্ষ থেকে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
শিল্প সচিব বলেন, দুর্ঘটনার আগে ও পরে জাহাজটিতে কী ঘটেছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না এবং কারও দায়িত্বে অবহেলা রয়েছে কি না—এসব বিষয় তদন্তে গুরুত্ব দেওয়া হবে। কমিটিগুলোকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্তে কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আব্দুন নাসের খান আরও বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় নিরাপদভাবে অপসারণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষার তথ্য তুলে ধরে শিল্প সচিব জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া গেছে। এ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে নিহত কয়েকজন শ্রমিকের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





