চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়ির নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বুধবার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলা গঠন করা হয়েছে। ইউনিয়নগুলো হলো—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল।
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব ইউনিয়নকে নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
একই সঙ্গে নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ৪ নম্বর ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর মৌজার জে.এল. নম্বর-২৫ এলাকায় স্থাপন করা হবে সদর দপ্তর।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন উপজেলা গঠন ও সদর দপ্তরের অবস্থান নিয়ে ফটিকছড়িতে দীর্ঘদিন ধরেই আলোচনা, মতবিরোধ ও বিভিন্ন কর্মসূচি চলে আসছিল। বিশেষ করে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাটের একাংশের বাসিন্দারা সদর দপ্তর তুলনামূলক মধ্যবর্তী ও সুবিধাজনক স্থানে স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।
তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম ভুজপুর মৌজাকেই সদর হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনের ফলে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের বিষয়টি আরও সুস্পষ্ট হলো।
সংশ্লিষ্টদের আশা, নতুন এ উপজেলা প্রতিষ্ঠার ফলে ছয় ইউনিয়নের মানুষের প্রশাসনিক সেবা গ্রহণের ভোগান্তি কমবে। পাশাপাশি সরকারি সেবা আরও দ্রুত ও সহজে স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





