হাটহাজারীতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে ইসমাইল সিকদার (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিম্মত শিকদারের বাড়িতে নিজ কক্ষে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ জানান, ইসমাইলের মা ও পরিবারের অন্য সদস্যরা বাইরে বেড়াতে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার এক তরুণীর সঙ্গে ইসমাইলের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগে ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, শনিবার রাতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top