রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদকে প্রার্থী করা হয়েছে।

এর আগে জোটের শীর্ষ নেতারা বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নির্ধারণের পাশাপাশি জোটের রাজনৈতিক সমঝোতা, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদও অংশ নেন। এ ছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে জন্ম নেওয়া অলি আহমেদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। পরবর্তী সময়ে ভারতে পুনর্গঠিত হয়ে নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে যুদ্ধে অংশ নেন।

স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করে কর্নেল পদে উন্নীত হয়ে অবসর নেন অলি আহমেদ। এরপর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার সময় তিনি সেনাবাহিনীর চাকরি ছাড়েন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে অলি আহমেদ যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান। তার দায়িত্বকালেই যমুনা সেতু নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০০৬ সালের ২৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন। পরবর্তী সময়ে দুজনের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়।

বর্তমানে অলি আহমেদ এলডিপির সভাপতি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে তার দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top