চবিতে উন্নয়ন প্রকল্পের ৭২৭ কোটি টাকা অনুমোদনের অপেক্ষায়

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক, অবকাঠামোগত ও গবেষণা সক্ষমতা বাড়াতে ৭২৭ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা ব্যয়ের দুটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। প্রকল্প দুটির যাবতীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে এগুলো পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় লিখিত বক্তব্য এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

তিনি বলেন, প্রস্তাবিত দুটি প্রকল্পের মধ্যে চবিতে টিএসসি কমপ্লেক্স প্রতিষ্ঠাকরণ প্রকল্পে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকা। অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭৮ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকা।

উপাচার্য বলেন, প্রকল্প দুটির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত, একাডেমিক ও গবেষণা কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টিএসসি কমপ্লেক্স, একাডেমিক ভবন, গবেষণা পরিচালনা কমপ্লেক্স, প্রশাসনিক ভবন, পানি শোধন ও সরবরাহব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ।

এ ছাড়া প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের জন্য পাঁচটি ছাত্র হল ও পাঁচটি ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি হল ১০ তলা বিশিষ্ট হওয়ার কথা রয়েছে। বিদেশি শিক্ষার্থী এবং পিএইচ. ডি-এম. ফিল গবেষকদের জন্য আবাসিক সুবিধা, একাধিক একাডেমিক ভবন, ব্লু-ইকোনমি রিসার্চ সেন্টার, কেন্দ্রীয় জাদুঘর, স্টেডিয়াম ও সুইমিং পুল, আধুনিক হাসপাতাল, ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবন ও স্থাপনাগুলো সংস্কার করে ব্যবহারোপযোগী করার জন্য প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আরও দুটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। আমরা আশা করছি, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত সক্ষমতাও বাড়বে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top