চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহীন কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ি) এলাকার মো. মুজিবের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
সিএমপির সহকারী কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, শাহীন বিভিন্ন মামলার আসামি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





