পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে মো. হোসাইন তাজনুর (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের মুন্সিমুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাজনুর ওই এলাকার আমির হোসাইন কালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের পর তাজনুর নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

পরে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাজনুরকে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top