সব অংশীজনের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়েই সংবিধান সংস্কারের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সরকারি কর্মসূচির অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

মীর হেলাল বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল। তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেই দল ও সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এবং আইনমন্ত্রীর উপস্থিতিতে মঙ্গলবার সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে সংবিধান সংস্কারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংস্কারের অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হবে না। রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী প্রণয়ন করা হবে।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ আত্মত্যাগ করেছেন। সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বৈষম্য দূরীকরণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top