বিনোদন ডেস্ক: দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ববিতার প্রতি এই আন্তরিক আহ্বান জানান।
জন্মদিন উপলক্ষে আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে শাকিব খান বলেন, ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।
শাকিবের এমন আবেগঘন অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন ববিতা। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শুধু পর্দায় ফেরার জন্য অভিনয়ে ফিরবেন না। শক্তিশালী গল্প এবং অভিনয়ের চ্যালেঞ্জ রয়েছে—এমন চরিত্র পেলেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে আগ্রহী।
ববিতা বলেন, আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, যেখানে তোমার আর আমার দুজনেরই করার মতো ভালো কাজ থাকবে, চ্যালেঞ্জিং চরিত্র থাকবে। তাহলে আমি অবশ্যই করব। তোমাকে কথা দিলাম, তোমার সঙ্গে সিনেমা করব।
অনুষ্ঠানে শাকিব খানের কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদার মনোভাবেরও প্রশংসা করেন এই বরেণ্য অভিনেত্রী। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে শাকিবের অভিনয় ও চলচ্চিত্র নির্বাচন নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ববিতা ও শাকিব খান একসঙ্গে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। নতুন কোনো শক্তিশালী গল্প পাওয়া গেলে এই জনপ্রিয় জুটিকে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





