আমানতের টাকা আত্মসাৎ: সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত অবস্থায় গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের দায়ে সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ, অর্থাৎ ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনায় আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত এহসানুল হক আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদি আমানতের অর্থ গ্রহণ করে পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও সেই অর্থ অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে লিপিবদ্ধ করেননি। এভাবে তিনি অর্থ আত্মসাৎ করেন।

তদন্তে দেখা যায়, শাকপুরা সাব-পোস্ট অফিস থেকে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিস থেকে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়। পরে দুদকের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top