চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮২০ জনের মৃত্যুর মধ্যে ৭২৫ জন হামের উপসর্গে এবং ৯৫ জন পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন।
এদিকে, গত একদিনে নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের মধ্যে। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে মোট ১৫ হাজার ৪৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।
চাটগাঁ নিউজ/এমকেএন





