চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর (৫৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর ওই এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন। অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহাসড়ক পারাপারের মুহূর্তে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





