অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: দেশজুড়ে ছাত্রবিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার হাজার হাজার বিক্ষোভকারী নয়াদিল্লিতে সংসদ ভবনের দিকে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজধানীতে এটিকে অন্যতম বড় প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এরপর সিজেপি ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। টানা এই রাজনৈতিক ও জনচাপের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের প্রত্যাশা ও অনুভূতির প্রতি তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন। পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি নৈতিক দায় স্বীকার করেছিলেন বলেও উল্লেখ করেন।

তিনি জানান, গত ৩ মে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার দ্রুত বিষয়টি আমলে নেয় এবং তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, পরীক্ষা জালিয়াত চক্রের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই তিনি কাজ করেছেন। তবে এই সংকটের সময়ও কিছু দায়িত্বশীল ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

বিবৃতির শেষাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, তার নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ পাওয়া নিজের জন্য গর্বের বিষয় এবং এ সুযোগের জন্য তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top