চট্টগ্রামসহ দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যাত্রী ও নৌযান পরিচালনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top