বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় দেড় যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ সফরে এসে রাজধানী ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই সুখবর জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিফ জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’। অ্যালবামটি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং এটি তার সংগীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট বলে উল্লেখ করেন।
আতিফ বলেন, গত কয়েক বছর চলচ্চিত্রের গান, কনসার্ট ও রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকায় নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ হয়নি। তবে এই সময়েও তিনি নিয়মিত গান লিখেছেন এবং নতুন সুর সৃষ্টি করেছেন।
তার ভাষায়, চলচ্চিত্রের গানের পাশাপাশি নিজের মনের মতো গান প্রকাশ করাও একজন শিল্পী হিসেবে তার দায়িত্ব। সে কারণেই নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন তিনি। ভবিষ্যতে প্রতি বছর একটি করে নতুন অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বলে জানান এই গায়ক।
আসন্ন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-তে মোট আটটি গান থাকছে। প্রায় আট বছর ধরে অ্যালবামটির বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন আতিফ। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ একাধিক সংগীতশিল্পী ও প্রযোজক যুক্ত ছিলেন।
তবে ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। আতিফ বলেন, অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইতে চান না। অ্যালবাম মুক্তির পর আবারও বাংলাদেশে এসে সেসব গান পরিবেশন করার আশা প্রকাশ করেন।
২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য কনসার্ট প্রসঙ্গে তিনি বলেন, তার সবচেয়ে বড় প্রার্থনা যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও সেটি দর্শকদের সঙ্গে উপভোগ্য অভিজ্ঞতায় পরিণত হবে বলে বিশ্বাস করেন তিনি। পাশাপাশি আগের সফরের তুলনায় এবার ভিন্নধর্মী আয়োজনেরও ইঙ্গিত দেন।
বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি জানান, বাংলাদেশের খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের প্রশংসা করেন এবং সুযোগ পেলে অন্যদেরও বাংলাদেশে এসে এসব খাবার চেখে দেখার পরামর্শ দেন।
বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রসঙ্গে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ভূয়সী প্রশংসা করেন আতিফ। তিনি জানান, একসময় একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। সেই অভিজ্ঞতাকে তিনি অসাধারণ বলে উল্লেখ করেন।
বাংলাদেশের দর্শকদের নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন এই গায়ক। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের মতো প্রাণবন্ত ও আবেগময় শ্রোতা খুব কমই দেখা যায়। বিশেষ করে তার জনপ্রিয় গান ‘আদাত’ হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠার মুহূর্তটি সবসময়ই তার কাছে বিশেষ স্মরণীয়।
বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছার কথাও জানান আতিফ আসলাম। তবে ভাষার প্রতি সম্মান রেখে উচ্চারণ পুরোপুরি আয়ত্ত করার আগে বাংলা গান গাইতে চান না বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া তিনি জানান, এর আগে বাংলাদেশের একটি চলচ্চিত্রের জন্য ‘মিঠে আলো’ শিরোনামের গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করার আগ্রহ রয়েছে তার।
নিজের সৃষ্টিশীলতার প্রসঙ্গে আতিফ বলেন, মন খারাপের সময়ই তিনি সবচেয়ে বেশি গান লেখেন। তার বিশ্বাস, সেই সময় অনুভূতিগুলো আরও গভীরভাবে প্রকাশ পায়। নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-কে নিজের হৃদয় ও আত্মা দিয়ে তৈরি একটি কাজ হিসেবে উল্লেখ করে এটিকেই নিজের সবচেয়ে গর্বের সৃষ্টি বলে অভিহিত করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষদিকে বাংলাদেশের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিফ বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী তার অন্যতম বৃহৎ শ্রোতাগোষ্ঠী বাংলাদেশে। তাই এ দেশের মানুষের প্রতি তিনি সবসময়ই আন্তরিকভাবে কৃতজ্ঞ।
উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্ট।
চাটগাঁ নিউজ/এমকেএন





