উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পণ্যের মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে একটি অবৈধ বেকারি কারখানা ও একটি মাংসের দোকানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোর্টবাজার এলাকার ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারসংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কারখানাটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে।
এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন মরিচ্যা বাজারের তিনটি মাংসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানগুলোর ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই কর্তৃপক্ষ পরীক্ষা করে।
অভিযানের সময় একটি দোকানে বোতলে গরুর রক্ত সংরক্ষণ করে তা মাংসের ওপর ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ওই দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। ভেজাল, প্রতারণা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





