চাটগাঁ নিউজ ডেস্ক : বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। ৫ হাজার ১৯০ কেজি মাছ ৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করে জরিমানাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে জব্দ করা সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মালিক পক্ষ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিক্রি করে জরিমানাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।
চাটগাঁ নিউজ/এসএ





