সীতাকুণ্ড থানা কম্পাউন্ডে পুলিশ সদস্যকে মারধর, আটক যুবদল নেতা!

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মডেল থানা কম্পাউন্ডে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালককে মারধরের ঘটনায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটক নেতার নাম মো. ইসমাইল হোসেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি।

থানা সূত্রে জানা গেছে, রাতে যুবদল নেতা ইসমাইল তার ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় যান। এসময় গাড়ি পার্কিং নিয়ে মডেল থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালক মো. শফিকের সাথে ইসমাইল হোসেনের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে এতে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে যুবদল নেতা ইসমাইল হোসেনকে ছাড়িয়ে নিতে সীতাকুণ্ড মডেল থানায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ভিড় করেন। এ ঘটনায় থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top