সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ৬ মাসের দেওয়ানী জেল

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ান ব্যাংকের বনানী শাখার ১৩৬ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৭৫৬ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের পরিচালক ও চারদলীয় জোট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খানের বিরুদ্ধে ৬ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত।

অর্থ ডিক্রিজারি মোকদ্দমায় ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হাসান জামান গত ৯ জুলাই এ আটকাদেশ দেন। আজ শনিবার (২৫ জুলাই) আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

আটকাদেশ দেওয়ার পর মোরশেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পরোয়ানা তামিল করতে বলা হয়েছে।

মোকদ্দমার ডিক্রিদার ওয়ান ব্যাংক পিএলসি ১৩৬ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৭৫৬ টাকা বকেয়া পাওনা দাবি করে ২০২৫ সালের ৯ নভেম্বর এম. মোরশেদ খানসহ অন্যান্য দায়িকদের বিরুদ্ধে অর্থজারি মোকদ্দমা (নম্বর-১৪০৯/২০২৫) দায়ের করে।

আদালত সূত্রে আরও জানা যায়, এ ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না।

এছাড়া ডিক্রি জারির পরও মোরশেদ খানসহ অন্যান্য দায়িকদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দায়িদের বিরুদ্ধে দেওয়ানী কারাদণ্ডের আবেদন করে।

নথিপত্র পর্যালোচনা শেষে গত ৯ জুলাই আদালত মোরশেদ খানের বিরুদ্ধে ৬ মাসের দেওয়ানী আটকাদেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top