চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে ঘাটিয়া পাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন।
আগামী ২০ নভেম্বর (শুক্রবার) দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের পরামর্শ, ওষুধ ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামপুর, ঘাটিয়া পাড়া এলাকায় টং ব্রিজের পশ্চিম পাশে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ। প্রধান মেহমান হিসেবে থাকবেন অধ্যাপক ডা. জিয়ে বাং। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আবদুল আলীম, মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল হক চৌধুরী তসলিমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডা. হুমায়ুন রশীদ, ডা. মোহাম্মদ সৈয়দ হাসান, ডা. অনিক বড়ুয়া, ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ডা. আকলিমা আক্তার ও ডা. মোহাম্মদ সেলিম (শামীম)।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষ যেন বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যায় আক্রান্ত মানুষদের সেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখতে চান তারা।
ঘাটিয়া পাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
চাটগাঁ নিউজ/এসএ






