চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে আসামি হয়ে। এর কোনো ব্যত্যয় হবে না।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নগরের বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি মোড়ে চকবাজার ও বৃহত্তর বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি। তাকে আসামি হয়েই দেশে ফিরতে হবে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা ‘লক্ষ্মণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে’ আওয়ামী লীগের নেতাকর্মীদের এতিম করে দিয়েছেন। এখন তিনি দেশে ফিরে আসবেন— এমন বক্তব্য দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
‘নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশ শেষে বাকলিয়া এক্সেস রোড থেকে মিছিলটি চন্দনপুরা, গনি বেকারি ও জামাল খান মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে ডা. শাহাদাত অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডা. শাহাদাত বলেন, ‘রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।
দলে নতুন করে যুক্ত হওয়া ‘হাইব্রিড’ নেতাদের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান আবু সুফিয়ান। দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফেরার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে থাকা অপরাধ, জুলুম ও নির্যাতনের হিসাব দেশের মানুষ নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠনের কোনো চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবেন না।
তিনি আরও বলেন, বিএনপি সংসদের ভেতরে ও বাইরে জনগণের কথা বলছে। চাঁদাবাজি, ব্যাংক দখলসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধেও দলটি সতর্ক রয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী আসু, ইব্রাহিম বাচ্চু, আমিন মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, ইউছুপ বাবুল ও আলী ইউছুপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
চাটগাঁ নিউজ/জেএইচ






