চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মারছা পরিবহনের বাস আটকে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রবিবার (১০ মে) সকালে চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্টের সামনে সামনে এ বিক্ষোভ করে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার একই এলাকায় মারছা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মহাসড়ক দিয়ে চলাচলকারী মারছা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, স্থানীয়রা মারছা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ করছিলেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাস বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রতিনিধিরা মারছা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






