চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা, শ্রমিকদের বেতন-মজুরি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে শ্রমিকদের নিয়োগে শ্রম আইন না মানা এবং ন্যূনতম মজুরি বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে সংগঠনটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন বক্তারা।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূঁইয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আসিকুল আলম।
বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন উপ-পরিষদ-২০২৬ এর চেয়ারম্যান খলিলুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও নির্বাচন উপ-পরিষদ এর সদস্য মো. এমরান হোসেন, সদস্য এম এ রহমান, হাবিব উল্যাহ বাহার, আব্দুর রব, হারুন, মোশারফ হোসেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা শেখ ইছা মিয়া, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি খোরশেদ আলম সহ নৌ-যান, লাইটারেজ ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন এর বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

বক্তারা বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন, নৌপথের শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সংগঠনের আন্দোলন সংগ্রাম গড়ে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশে নৌ-শ্রমিকদের দাবি আদায়ে একমাত্র শ্রমিকদের সংগঠন লাইটারেজ শ্রমিক ইউনিয়ন বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।
বর্তমানে নদী পথের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, নূন্যতম মজুরি আদায়ে সরকার শ্রমিকদেরকে কোনো ধরনের আইনি সহযোগিতা করেছেনা। নিয়োগপত্র, পরিচয়পত্র না দিয়েই মালিকরা শ্রমিক নিয়োগ করে, যা শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
চট্টগ্রাম বন্দর চ্যানেলে জেলেদের পাতা মাছ ধরার জালের কারণে জাহাজ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে বলেও বক্তারা অভিযোগ করেন। প্রায় জেলেরা জাহাজী শ্রমিকদের উপর আক্রমণ করে বলেও বক্তারা অভিযোগ করেন। বন্দরের চেয়ারম্যান, কোস্ট গার্ড কর্তৃপক্ষ জেলেদের জাল সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ করা হয়।
বন্দরের চেয়ারম্যানকে বারবার চিঠি দিয়ে বৈঠকে বসে আলোচনা করেও জেলেদের জাল সরানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আগামীতে শ্রমিকেরা লাগাতার আন্দোলন গড়ে তুলবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভার শেষে প্রধান অতিথি বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে নবগঠিত কমিটির সবাইকে বিপ্লবী অভিনন্দন সহকারে পূর্ণ সমর্থন জানায়।
মিজানুর রহমানকে সভাপতি, আফছার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ছলিমুল্লাহ সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২০২৯ইং মেয়াদে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
একইসাথে নবী আলমকে সভাপতি, সৈয়দ শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. নিজামুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২০২৯ইং মেয়াদে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ






