চাটগাঁ নিউজ ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার (৫ আগস্ট) রাত থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্দরনগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের নগরজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়। বৃষ্টির পানি সড়কে উঠে আসায় কোথাও কোথাও যানবাহন চলাচলও ধীরগতির হয়ে পড়ে। এতে প্রভাব পড়েছে নগরজীবনেও। কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, চট্টগ্রামের জন্য স্বস্তির খবরের বদলে মিলেছে আরও বৃষ্টির পূর্বাভাস। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগের কোথাও কোথাও আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া সারা দেশে আগামীকাল থেকে চার দিন মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





