চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ভলকানাইজিং ট্যাংক (গাড়ির চাকায় বাতাস দেওয়ার ট্যাংক) বিস্ফোরণে দুই জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে তারা হলেন— ইউনুস (৩৫) ও গ্যারেজ মালিক ইমন হোসেন (২৫)।
জানা গেছে, উপজেলার বড়তাকিয়া বাজারের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে একটি গাড়ির চাকার হাওয়া দেওয়ার দোকানে ট্যাংকিতে হাওয়া ভরার সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে অন্তত ৫০ ফিট উপরে উঠে দোকানের উপর আঁচড়ে পড়ে। এ সময় ট্যাংকি দ্বিখণ্ডিত হয়ে যায় দুটি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। ট্যাংকি বিস্ফোরণে প্রায় ১ কিলোমিটার বিকট শব্দে কম্পন তৈরি হলে মানুষের মাঝে আতংক তৈরি হয়।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় দোকান খুলি তার আগে ইমন দোকান খুলে হাওয়ার মেশিন চালু করে। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। এ সময় এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। ২শ’ লিটার ধারণ ক্ষমতার বিশাল আকার হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের সাথে সাথে আমার দোকানের মালামাল তচনচ হয়ে পড়ে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়া বাজারে হাওয়ার ট্যাংকি বিস্ফোরণ হওয়ার খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হলেও বড় ধরনের দুর্ঘটনায় থেকে রক্ষা পাওয়া গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





