আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে অ্যামাজন এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে পাঁচজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে বোয়িং ৭৬৭-৩০০ কার্গো বিমানটি এ দুর্ঘটনা ঘটায়।
এ সময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। মূলত এর ফলেই হতাহতের ঘটনা ঘটে।
নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন মিয়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গুরুতর আহত পাঁচজনের চিকিৎসা চলছে। তবে হতাহতদের নাম–পরিচয় জানাননি তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার শিকার কার্গো বিমানটি বিশ্বখ্যাত ই–কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড্ডয়ন করেছিল।
অ্যামাজন জানিয়েছে, ঠিক কী ঘটেছে তা বোঝার জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।
দুর্ঘটনার পরপর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। খবর পাওয়া মাত্রই ধোঁয়া ওঠা দুর্ঘটনাস্থলের দিকে দমকল কর্মীরা দ্রুত ছুটে যায়। এই দুর্ঘটনাটি লেবার ডে উইকেন্ডে ঘটেছে, যা বছরের অন্যতম ব্যস্ততম ভ্রমণ সময়।
মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, দুর্ঘটনার ‘কয়েক সেকেন্ডের’ মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের মনোযোগ আহতদের পরিবারবর্গ, আহত ব্যক্তিবর্গ এবং চলমান উদ্ধার কার্যক্রমের ওপর।’
মায়ামি ফায়ার চিফ রাইদ জাদাল্লাহ জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
কার্গো উড়োজাহাজটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল, তা এখনো জানা যায়নি। ওই সড়কে কতটি গাড়িতে উড়োজাহাজটি আঘাত করেছে, তা-ও জানা যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ





