চাটগাঁ নিউজ ডেস্ক : মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় নুরুল হুদা নামে এক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে সাড়ে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
ররিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল হুদা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলা লেদা পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নুরুল হুদাকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল হুদার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানে নুরুল হুদার নামে ২ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ৩৩৩ টাকার স্থাবর এবং ২৩ লাখ ৯৩ হাজার ৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৩৩৭ টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ১৯ লাখ ১০ হাজার টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা।
এ ছাড়া দুদকের দেওয়া সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। ২০১৯ সালের ৯ মে তিনি সম্পদ বিবরণী দাখিলের আদেশ গ্রহণ করেন। পরে সময় বাড়ানোর আবেদন করলে তাকে আরও সাত কার্যদিবস সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় ২৯ মে ২০১৯ পার হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর বাদী হয়ে ২০২০ সালের ২ মার্চ চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-২-এ নুরুল হুদার বিরুদ্ধে মামলা করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়।পরবর্তীতে আদালতে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।
চাটগাঁ নিউজ/এসএ






