চাটগাঁ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে সরোয়ার সরদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন স্বর্ণালংকার, গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে খুলশী থানার আমবাগান নগর স্বাস্থ্য ক্লিনিক সংলগ্ন ক্যাপ্টেনের বিল্ডিংয়ের নিচতলায় ভুক্তভোগী অজিত ঘোষের বাসায় গিয়ে কলিং বেল চাপেন সরোয়ার। নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে আসা একজন ভক্ত পরিচয় দিয়ে ‘জয় বাবা লোকনাথ’ বলে গৃহকর্তার সঙ্গে কথা বলেন।
একপর্যায়ে তিনি গৃহকর্তার স্ত্রীর কাছে ১১ টাকা প্রণামী চান। পরে প্রসাদের জন্য চাল প্রয়োজন বলে জানালে পরিবারের সদস্যরা তা এনে দেন। এরপর নানা কৌশলে তাদের আস্থা অর্জন করে প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাজারী গলি এলাকা থেকে ঘটনার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সরোয়ার চান্দগাঁও থানার বহদ্দারহাট ব্রিজ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি সুতালড়ি বেদেপল্লীতে। তিনি মৃত হামিদ সরদারের ছেলে।
পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতা হারের পাঁচটি অংশ, একটি পাথরযুক্ত স্বর্ণের লকেট, পাঁচ আনা গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন এবং ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ





