বান্দরবানে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগে ফুফু আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় তাইফা সুলতানা (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। এ ঘটনায় নারগিছ সুলতানা (৫২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা সুলতানা সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফা সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বিকেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এতে শিশুটিকে তার ফুফু নারগিছ সুলতানার বাড়ির দিকে যেতে দেখা যায় বলে জানা গেছে। এরপর ওই বাড়িতে খোঁজ করে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। আটক নারগিছ সুলতানা মানসিক রোগী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারগিছ সুলতানাকে আটক করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top