চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অস্থায়ী বসতি ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া না গেলেও, উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ





