ফেন্সিডিল উদ্ধারের মামলায় ২ মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা ফেন্সিডিল উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. দেলোয়ার (৪০) ও রাজা মিয়া (৪০)।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল হালিশহর থানা পুলিশ চেকপোস্টে অভিযান চালানোর সময় একটি খোলা ট্রাককে থামানোর সংকেত দেয়। তবে চালক পালানোর চেষ্টা করলে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে বিচারিক কার্যক্রম শুরু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top