ফটিকছড়ি প্রতিনিধি: প্রবাসীর ঘরের জানালার গ্লাস ভাঙচুর ও আরেক প্রবাসীর ভাইকে মারধরের অভিযোগের ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুসকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি আব্দুল কুদ্দুসকে সদস্য সচিব করে ২৭ সদস্যবিশিষ্ট সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে তাকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অনৈতিক ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এসব কারণ দেখিয়ে তাকে সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে অব্যাহতির বিষয়ে আব্দুল কুদ্দুসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






