ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ও লেলাং ইউনিয়নে মন্দির চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও হাশেমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়। তবে চুরি যাওয়া স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পুলিশ চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরপুর ও লেলাং এ মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলো উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ রয়েছে। মন্দিরে চুরির ঘটনায়ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তারা রাতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






